দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার মনপুরা উপজেলায় লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়া হরিণটিকে পর্যবেক্ষণের পর সংরক্ষিত বনে অবমুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার গ্রামের বাতানখালি এলাকা থেকে প্রায় ২৫ কেজি ওজনের হরিণটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে লোকালয়ে হঠাৎ একটি চিত্রা হরিণ দেখতে পান এলাকাবাসী। দীর্ঘ সময় ধরে হরিণটি আশপাশে ঘোরাফেরা করলেও বনের দিকে ফিরে না যাওয়ায় স্থানীয়রা সেটিকে নিরাপদে আটক করে বন বিভাগকে খবর দেন। পরে মনপুরা বন বিভাগের পচাকোড়ালিয়া বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন বিভাগের ধারণা, সাম্প্রতিক কয়েক দিনের জোয়ারে মেঘনা নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের সংরক্ষিত বনাঞ্চল থেকে ভেসে এসে হরিণটি লোকালয়ে আটকা পড়ে।
মনপুরা বন বিভাগের পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, উদ্ধার হওয়া হরিণটি একটি প্রাপ্তবয়স্ক হরিণী। পরীক্ষা-নিরীক্ষায় এটিকে সুস্থ পাওয়া গেছে। তাই প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে বিকেলের মধ্যে মনপুরার চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করার কার্যক্রম চলছে।
জে আই